বিএনপি নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে – আব্দুস সালাম

বিশেষ প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে এক বিশাল মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাকলি স্টেশনের নিকট আরব আমিরাত মৈত্রী মার্কেটের সামনে থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে শুরু হওয়া এ মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম।

বিএনপির এ নির্বাচনী মিছিলে ঢাকা-১৭ আসনের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসকারী অভিজাত শ্রেণির নাগরিকরা সাধারণত ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ কম পান। তবে এবারের চিত্র ছিল ভিন্ন। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সরাসরি তারেক রহমানের পক্ষে মিছিলে অংশ নিয়ে রাজনৈতিক সচেতনতার নতুন বার্তা দেন। একপর্যায়ে মিছিলটি একটি জনসমাবেশে রূপ নেয়।

মিছিলটি কাকলি থেকে শুরু হয়ে গুলশান-২, গুলশান-১ ডিসিসি মার্কেট, গাউছুল আজম মসজিদ হয়ে মহাখালী ওয়ারলেস গেট অতিক্রম করে মহাখালী আমতলিতে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম বলেন, “এই দীর্ঘ ও জনসমাগমপূর্ণ মিছিলই প্রমাণ করে দেয়—আগামী ১২ তারিখের নির্বাচনে তারেক রহমান বিজয়ী হবেন। দিন যতই যাচ্ছে, বিএনপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন ততই বাড়ছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা কথা দিলে কথা রাখে। তারেক রহমান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অবশ্যই বাস্তবায়ন করবেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমান দেশব্যাপী মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।”

ঢাকা-১৭ আসনের ভোটারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “যারা গুপ্ত রাজনীতি করে এবং জনগণের সঙ্গে প্রতারণা করে, তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। তারা নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে—টাকা দিয়ে ভোট কেনা, বোরকা পরে জাল ভোট প্রদান কিংবা একাধিক ব্যালট বহনের মতো অপচেষ্টা চালাতে পারে। তাই প্রতিটি ভোটারের ওপর নজর রাখতে হবে, যেন কেউ একাধিক ভোট দিতে না পারে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”

মিছিলের কারণে এলাকায় যানজট ও ব্যবসায়িক বিঘ্নের জন্য যানবাহন ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কাছে দুঃখ প্রকাশ করে আব্দুস সালাম বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে আপনাদের স্বাভাবিক যাতায়াতে সাময়িক অসুবিধা হয়েছে—এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

শেষে তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করার আহ্বান জানিয়ে মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *