শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি

 স্টাফ রিপোর্টার  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় লকারটি রয়েছে। সিআইসি সূত্র জানায়, লকারটির একটি চাবি শেখ হাসিনার কাছে ও অপরটি ব্যাংকের কাছে আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা বুধবার সকালে এক অভিযানে লকারটি শনাক্ত করেন।

গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বেশিরভাগই তাঁর বিরুদ্ধে গোপন করার অভিযোগ। জানা গেছে, পূবালী ব্যাংকে এফডিআর দুটির মধ্যে একটি শেখ হাসিনার নিজ নামে, ১২ লাখ টাকার এবং আরেকটি যৌথ নামে, ৪৪ লাখ টাকার। এনবিআর কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ওই লকার খুলতে দুবার ব্যাংকে গিয়েছিলেন এবং দুটি চাবিই তিনি নিজের কাছে রেখে দেন। যদিও নিয়ম অনুযায়ী, লকারের একটি চাবি ব্যাংকের কাছে থাকার কথা। 

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর লকারটি খোলা হবে। এরআগে, ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সিআইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও পূবালী ব্যাংক লকারের কোনো তথ্য দেওয়া হয়নি। সেজন্য লকারের খবর পেয়ে এনবিআর দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠায়। যা অনুসন্ধান করতে অভিযানে নেমেছে সিআইসি।

সম্প্রতি, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজউকের ৬০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ তাঁর পরিবার এবং সংশ্লিষ্ট ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *