শাহজালালে ৭০ পিস সোনার বার জব্দ

মনির হোসেন জীবন : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সোনার ওজন ৮ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। তবে, এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩২৬) নং ফ্লাইটে গোপনে সাঁড়াশি অভিযান চালিয়ে সোনার এ চালানটি আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস, এম সরাফত হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

আজ ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমানে কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে কাপড়ে মোড়ানো পরিত্যক্ত (মালিকবিহীন) অবস্থায় ৮.১২০ কেজি সোনা পাওয়া যায়।

এ বিষয়ে কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট রয়েছে ।

ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সোনার গুলো যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

কাস্টমসের একটি সূত্র বলছে, কীভাবে বিমানবন্দরের ভিতরে কার্গো হোল্ডে বিপুল পরিমাণ সোনা প্রবেশ করলো এবং কারা এ সোনা পাচারের সাথে জড়িত এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষসহ অন্যদেরকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ঘটনায় কাস্টমস এ্যাক্ট আইন ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *